দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, সম্ভাব্য বন্যা মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। জেলার বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও ঝুঁকিপূর্ণ এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সম্ভাব্য বন্যা মোকাবেলায় জেলা প্রশাসন একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে। পরিস্থিতির অবনতি হলে দ্রুত ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার প্রস্তুতিও রাখা হয়েছে।
এমএম/